টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

স্পোর্টস ডেস্ক

আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দল ঘোষণা করে ফেলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু করোনার প্রকোপের মধ্যে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে শেষ পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা।

এমন সিদ্ধান্তে ক্ষতিটা হয়েছে অস্ট্রেলিয়ারই!  আগামী জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজটি জিততেই হতো তাদের। কিন্তু তা না হওয়ায় এখন ফাইনাল খেলার সম্ভাবনা খুবই কম। কারণ আইসিসির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আর কোনো সিরিজ নেই তাদের হাতে। ছয় সিরিজের চারটি খেলে ৬৯.২ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। বাকি দুটি সিরিজ জমা রয়েছে স্থগিতের খাতায়। যার একটিতে প্রতিপক্ষ বাংলাদেশ।

স্থগিত থাকা সিরিজ দুটি অজিরা না খেলায় নিশ্চিতভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। পাঁচ সিরিজে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা।  তবে আরেক ফাইনালিস্ট হিসেবে খেলার সুযোগ আছে তিনে থাকা অস্ট্রেলিয়ারও (৬৯.২)। সেক্ষেত্রে ড্র হতে হবে ভারত-ইংল্যান্ড সিরিজটি, কিংবা ভারতকে হারতে হবে দুই ম্যাচ, অথবা ভারত ১-০ তে জিতলেও ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার বদলে আগে সেই জায়গায় নিজেদেরই দেখতে চাইবে ভারত ও ইংল্যান্ড। খেলার চেয়ে জীবনের গুরুত্ব বেশি।  তাই সিরিজ স্থগিত হওয়া নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘খুবই কঠিন এবং হতাশাজনক এক সিদ্ধান্ত। বিশেষ করে জাস্টিন (হেড কোচ), টিম পেইন ও দলের জন্যে। কিন্তু মানুষ ও তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়াটাও আমাদের কর্তব্য। তাদের সুরক্ষার সঙ্গে আপোষ করা যাবে না।’