সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক পঙ্কজ দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহসভাপতি কুলেন্দু শেখর দাস, আকরাম উদ্দিন প্রমুখ। এদিকে মঙ্গলবার এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
