ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে আমাদের কার্যক্রমে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তেমনি সেবাপ্রার্থীদের দ্রুততার সঙ্গে সেবা দিতে হবে। সে জন্য ল্যাপটপ দেওয়ার এই উদ্যোগ করপোরেশনের কার্যক্রমকে সার্বিকভাবে আরো গতিশীল করবে বলে আমার বিশ্বাস।’ গতকাল নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়মিত মাসিক সমন্বয় সভার শুরুতে করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে ল্যাপটপ বিতরণ করার পর ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ সব কথা বলেন। পরে মেয়রকে তার দাপ্তরিক ল্যাপটপ হস্তান্তর করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। পরবর্তী সময় একে একে সব বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ল্যাপটপ হস্তান্তর করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
সেবাপ্রার্থীর সমস্যাকে নিজের সমস্যার মতো গুরুত্ব দিয়ে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সরকারি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সরকার যেমন ই-নথি চালু করেছে তেমনি ক্রয় কার্যে ই-জিপি বাস্তবায়ন করা হয়েছে। তাই কাঠামোবদ্ধ দাপ্তরিক সময়সূচির বাইরেও জনগণকে সেবা প্রদানে সবাইকে আরো বেশি আন্তরিক হতে হবে। জনগণের সেবা প্রাপ্তির পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেসব চ্যালেঞ্জ উত্তরণে আরো বেশি মনোযোগী হতে হবে। নাগরিক সেবায় বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে মনে করলে তবেই ঢাকাবাসীকে সেবা দিয়ে সন্তুষ্ট করা যাবে।
