প্রধানমন্ত্রীর শোক
ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস থেকে নেগেটিভ হওয়া-পরবর্তী শারীরিক জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৩ বছর। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর স্ত্রী। ডা. আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক হিসেবে কর্মরত আছেন।
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার (স্ত্রী) জানাজা শেষে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই রাজধানীর গ্রিনফলাইফ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন অধ্যাপক মাহমুদা। তিনি তেজগাঁও কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক।
অধ্যাপক মাহমুদার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও ইত্তেফাক পরিবার।
