নির্বাচনি সহিংসতায় নিহত ৬
গত এক মাসে দেশে ২২৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭২টি ধর্ষণের ঘটনা, গণধর্ষণ ১১টি, ধর্ষণ ও হত্যা ২টি। প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধষর্ণের শিকার হয়েছেন ৬ জন। ধর্ষণের শিকার ৭২ জনের মধ্যে ৪১ জন শিশু ও কিশোরী ধষর্ণের শিকার রয়েছেন। ধর্ষণের চেষ্টা ১৩টি, যৌন হয়রানি ১৫টি ও শারীরিক নির্যাতনের ২৫টি ঘটনা ঘটেছে। অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছে ৫ জন নারী ও কিশোরী। এ সময়ে ২১ নারী ও কিশোরী আত্মহত্যা করেছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত মাসে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন ১জন। কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে বিজিবির ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে একজন রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন জেলা, উপজেলা ও পৌর নির্বাচনে সহিংসতায় দেশব্যাপি ৬ জন নিহত ও শতাধিক রাজনৈতিক কর্মী আহত হয়েছেন। চট্রগ্রামে ৩ জন, ঝিনাইদহে ১ জন, সিরাজগঞ্জে ১ জন ও বরিশালে ১ জন নিহত হন। বিএসএফের গুলি ও নির্যাতনে ১ জন নিহত ও ২ জন বাংলাদেশি নাগরিক নির্যাতনের শিকার হয়েছেন। ৫টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় ৬ জন সাংবাদিক নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই প্রতিবেদন প্রস্তুত করেছে সংগঠনটি।
