এলাকা জুড়ে জলাবদ্ধতার আশঙ্কা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার একাধিক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কালভার্টের মুখে ড্রেন নির্মাণ করে স্লাব দিয়ে ঢেকে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে দুটি উপজেলার মহাসড়কের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকায় রয়েছে একটি কালভার্ট। মহাসড়কের ময়নামতি সেনানিবাসের প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি ড্রেন কালভার্টটির সঙ্গে যুক্ত। এছাড়াও সেনানিবাস সংলগ্ন নিশ্চিন্তপুর, কাচিয়াতলী ও গোমতী পাড়ের আমতলী এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থা এই কালভার্ট। এদিকে প্রভাবশালী একটি চক্র কালভার্টটির মুখে ড্রেন নির্মাণ করে ড্রেনের ওপর স্লাব বসিয়ে আশেপাশে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করায় কালভার্টের মুখটি সংকুচিত হয়ে গেছে। এতে করে পানি নিষ্কাশন স্বাভাবিক না হওয়ার কারণে উল্লিখিত এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। একইভাবে মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় কালভার্টের মুখে মাটি ফেলে ভরাট করায় পানি প্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। মহাসড়কের কোরপাই এলাকাতেও আরো দুটি কালভার্টের মুখে স্থাপনা নির্মাণের কারণে বিঘ্ন ঘটছে পানি নিষ্কাশনে। ফলে কুমিল্লার আলেখারচর থেকে বুড়িচংয়ের কোরপাই পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকার মহাসড়কের উত্তর পাশের গ্রামগুলোর পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হয়ে ঐ স্থানগুলোতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করা যাচ্ছে। নাজিরাবাজার, কোরপাই এলাকার অনেক কৃষক জানান, মহাসড়কের দু পাশে উন্মুক্ত জলাশয়ের পানি প্রবাহের জন্য কালভার্টগুলো নির্মিত হলেও মহাসড়কের পাশের মূল্যবান ভূমি মালিকরা এসব কালভার্টের মুখে স্থাপনা নির্মাণ করছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

বিষয়টি সম্পর্কে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, মহাসড়ক-সড়কের দু পাশের উন্মুক্ত জলাশয়ের পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন স্থানে কালভার্ট তৈরি করা হয়েছে। এসব কালভার্ট হয়ে পানি প্রবাহ বন্ধের কোনো সুযোগ নেই। কেউ চাইলেই এটা ভরাট করতে পারে না।

অথচ মহাসড়কের পাশের জায়গার দাম অত্যধিক হওয়ায় কিছু প্রভাবশালী লোক ক্ষমতাসীন দলের পরিচয়ে কালভার্টের মুখের ড্রেন বা খালগুলোর মুখে ড্রেন করে কখনোবা ভরাট করে, কোথাও বা সরু পাইপ বসিয়ে নামমাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণ করছে। এ অবস্থায়, মহাসড়কের পাশের উন্মুক্ত জলাশয়ের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কালভার্টগুলোর মুখ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০