রাশিয়ায় তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুটনিক-ভি ৯১ শতাংশের বেশি কার্যকর বলে সাম্প্রতিক এই ট্রায়ালে জানা গেছে। চিকিত্সাবিষয়ক সাময়িকী ল্যানসেটে গতকাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটাকে নিরাপদ হিসেবেও গণ্য করা হয়েছে। হাসপাতালে ভর্তি ও করোনায় মৃত্যুর বিরুদ্ধে পূর্ণ প্রতিরোধ গড়ে তুলবে বলে জানানো হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের
চূড়ান্ত ট্রায়ালের আগেই ভ্যাকসিনটি অনুমোদন দেওয়ায় স্পুটনিক-ভি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। তখন এই টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা; কিন্তু তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেওয়া ২০ হাজার অংশগ্রহণকারীর কাছ থেকে আসা বিশ্লেষণের উপাত্ত বলছে, যাদের টিকার দুইটি ডোজ দেওয়া হয়েছে, উপসর্গযুক্ত কোভিড-১৯ রোগের বিপরীতে এই টিকা ৯০ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। ইউনিভার্সিটি অব রিডিংয়ের ইয়ান জোনস ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পলি রায় বলেন, অযৌক্তিক তাড়াহুড়োর কারণে এই টিকা সমালোচনার মুখে পড়েছিল।
বিজ্ঞানীরা বলছেন, এটির উপকারিতা এখন প্রমাণিত। এর ফলে প্রমাণিত ভ্যাকসিনের তালিকায় ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জ্যানসেনের সঙ্গে স্পুটনিক-ভিও যুক্ত হলো। যুক্তরাষ্ট্রে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও বেলজিয়ামে তৈরি জ্যানসেন ভ্যাকসিন যেভাবে কাজ করে, স্পুটনিক-ভি সেভাবেই কাজ করে।
