শীতের তীব্রতা কেটে যাচ্ছে ক্রমশ। ধীরে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়াবিদেরা বলছেন, এ বছরের শীতের বিদায়ের পালা আসছে। আজ বুধবার থেকে দেশের তাপমাত্রা গড়পড়তা সামান্য বাড়তে পারে। তবে শীতের অনুভূতির বিস্তার আরো কয়েক দিন ধরে থাকবে। তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতায় তেমন হেরফের হবে না এ সপ্তাহে।
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ আবদুল মান্নান জানিয়েছেন, আজ থেকে তাপমাত্রা বাড়বে।তবে সারা দেশেই কমবেশি শীত থাকবে সপ্তাহখানেক। আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত থাকে। তবে এখন যে কনকনে শীত, তা ঐ সময় থাকবে না।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন,তীব্র শৈত্যপ্রবাহ কেটে গেছে এখন। বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।
এদিকে ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসের শেষ ভাগে শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ ঝড় হতে পারে। গতকাল মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্য জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। নদ-নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করবে।
বর্তমানে রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সন্দ্বীপ, সীতাকুণ্ডু, রাঙ্গামাটি, কুমিল্লা, হাতিয়া, শ্রীমঙ্গল, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদেরা বলছেন, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আজ থেকে কমে যাবে। তবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত শীতার্ত হাওয়া ও কুয়াশা থাকবে।
