মীম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি কর্মজীবী নারীর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:২১

কেন্দ্রীয় শহিদ মিনার এলাকার ফুল বিক্রেতা কিশোরী মীম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ‘কর্মজীবী নারী’। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, শ্রেণি-বৈষম্য ভেদে সব নারীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। একই সঙ্গে সব শিশুর ভরণপোষণ এবং নিরাপদ শৈশবের ব্যবস্থা করাও রাষ্ট্রের দায়িত্ব। মীমকে কেন ধর্ষণের শিকার হতে হবে! এমন প্রশ্ন রাখেন তারা।

গতকাল মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, হত্যার শিকার মীমের মা রুমা বেগম, নারীপক্ষের সহকারী প্রকল্প ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, সদস্য নাজমা বেগম ও সৈয়দা সালমা পারভীন।

মীম হত্যার সঠিক তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করে সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের একের পর এক ভয়াবহ ঘটনা সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। কোনো নির্যাতনের যথাযথ শাস্তি হচ্ছে না বলেই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে মীম হত্যার বিচার এবং সেই সঙ্গে মীমের মা ও তার পরিবারের পাশে দাঁড়ানোসহ আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান।