দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবারের মতো বসতে চলেছে। ২২তম বিশ্বকাপের আয়োজক দেশের নাম কাতার। কাতার একটি মুসলিম রাষ্ট্র এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে মদ পান ও বিক্রি নিষিদ্ধ হলেও আগামী বছরে হতে চলা বিশ্ব আসরে স্টেডিয়ামে কেনা যাবে মদ।
বিশ্বকাপ উপলক্ষ্যে ইউরোপিয়ান দেশগুলো থেকে প্রচুর সমর্থক বিশ্বকাপের সময় কাতারে উপস্থিত হবেন। তাই বিনোদনের ভরপুর উপাদান মজুত রাখার পরিকল্পনার ইঙ্গিতই দিয়ে রেখেছে ২০২২ বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ ও কাতার সরকার। তবে এবার স্টেডিয়ামের ভেতরও মদ পানের অনুমতি দেয়ার প্রবল সম্ভাবনা সামনে এসেছে।
জানা গেছে খেলা দেখতে এসে যারা মদ পানে আগ্রহী তাদেরকে কিনতে হবে হসপিটালিটি প্যাকেজ। প্রিমিয়াম ওই অফারের ঠিকাদার এই তথ্য জানিয়েছে।
মুসলিম অধ্যুষিত কাতারে মদ ব্যবহারে রয়েছে রাষ্ট্রীয়ভাবে কঠোর বিধিনিষেধ। তবে এই ঘোষণার মাধ্যমে কাতারি কর্তৃপক্ষ এই ইঙ্গিত দিচ্ছে যে, ম্যাচ ভেন্যুতে বিয়ার ও অন্যান্য পানীয় সররবরাহের বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত আছে।
গত সোমবার টুর্নামেন্টের প্যাকেজ ঘোষণার সময় বিশ্বকাপ হসপিটালিটি প্রদানকারী প্রতিষ্ঠান ‘ম্যাচ হসপিটালিটি’র চেয়ারম্যান জাইম বায়রম বলেন, ‘আমারা আশা করছি স্টেডিয়ামে সমর্থকরা পানীয় কিনতে পারবে- এটি আমাদের প্রত্যাশা। তবে সবকিছু নির্ভর করছে বাকীদের সিদ্ধান্তের উপর। যে কোনও বিধিনিষেধ অবশ্যই আমরা মেনে চলব। আইনে যে নির্দেশনাই থাকুক না কেন, আপাতত আমাদের পরিকল্পনা হচ্ছে অ্যালকোহল সরবরাহ করা।’
ইত্তেফাক/টিআর
