৬৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ দলকে শতরানের কোটা পার করিয়েছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। অন্যদিকে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় ফিফটি ছুঁয়েছেন সাদমান। তবে সাদমানের সঙ্গ ছেড়ে গেছেন মুমিনুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান। সাদমান ব্যাটিং করছেন ৫৪ রান নিয়ে। ২৬ রান নিয়ে সাজঘরে ফিরেছেন মুমিনুল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের সর্বশেষ টেস্টে কোনো স্পেশালিস্ট পেসার ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার অন্তত একজন পেসার আছেন! সঙ্গে স্পিনার চারজন আছেন একাদশে। কাঙ্ক্ষিত টস জয়ও পক্ষে এসেছে স্বাগতিকদের। টস জিতে মুমিনুল হক বেছে নিয়েছেন ব্যাটিং।
এই ম্যাচে শঙ্কা কাটিয়ে খেলছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর স্ক্যান রিপোর্টেও খারাপ কিছু আসেনি। তিনদিন আগে থেকে অনুশীলনও শুরু করেছিলেন। তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানান, শতভাগ ফিট নন এই অলরাউন্ডার। অবশ্য সব শঙ্কা দূর করে প্রথম টেস্টেই খেলছেন সাকিব।
বাংলাদেশ দলে অভিষিক্ত কেউ নেই। ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষিক্ত ক্রিকেটার তিনজন, শেন মোজলি, এনক্রুমা বনার ও কাইল মেয়ার্স। ২৬ বছর বয়সী মোজলি বাঁহাতি ব্যাটসম্যান, ৩২ বছর বয়সী বনার ব্যাটসম্যান ও লেগ স্পিনার, ২৮ বছর বয়সী মেয়ার্স বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি পেসার।
ইত্তেফাক/টিআর
