ক্যাপিটল ভবনে দাঙ্গার জন্য ট্রাম্প ‘এককভাবে দায়ী’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৭

বিবিসি ও এএফপি

ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে নেতৃত্ব দেওয়া মার্কিন আইনপ্রণেতারা মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ব্যাপক দাঙ্গার জন্য ট্রাম্প ‘এককভাবে দায়ী’ এবং সাবেক এ প্রেসিডেন্টকে রেহাই দেওয়া আমেরিকার গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। তার বিরুদ্ধে সিনেটে ট্রায়াল শুরুর এক সপ্তাহ আগে তারা এমন মন্তব্য করলেন।

গত ৬ জানুয়ারি কংগ্রেসে হামলা চালাতে ট্রাম্প তার সমর্থকদের উত্সাহিত করায় প্রতিনিধি পরিষদ গত মাসে তাকে অভিযুক্ত করায় তিনি হলেন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দুইবার অভিশংসিত প্রথম মার্কিন প্রেসিডেন্ট। দণ্ডাদেশ দেওয়ার ব্যাপারে প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকদের প্রস্তুত করা আর্জির শুনানি-পূর্ববিবরণে বলা হয়, ‘আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে সহিংসতাকে উসকে দেওয়া কোনো প্রেসিডেন্টের হাত থেকে আমেরিকার জনগণকে রক্ষা করা উচিত।’

দাঙ্গার আগ মুহূর্তে ন্যাশনাল মলে সমবেত জনতার উদ্দেশে উসকানিমূলক ভাষণ দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণ করে তাকে অভিশংসন করা হয়। ন্যাশনাল মলে ভাষণে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি করেছেন। ফলে তাদের এখন কংগ্রেস অভিমুখে মিছিল সহকারে গিয়ে ‘লড়াই করা’ প্রয়োজন। ট্রাম্পের এমন উসকানিমূলক বক্তব্যের পরপরই উত্তেজিত জনতা ক্যাপিটল ভবনে হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়া আইনপ্রণেতারা ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপন স্থানে আশ্রয় নেন। ফলে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের আইনগত অনুমোদনের অনুষ্ঠান ব্যাহত হয়।

৯ জন অভিশংসন ব্যবস্থাপক ৭৭ পাতার এক আর্জিতে তাদের সুদূরপ্রসারি যুক্তিতর্ক তুলে ধরেন। আর এতে বলা হয়, ট্রাম্পের ভাষণ উত্তেজিত জনতাকে ক্যাপিটল ভবনে ‘হামলা’ চালাতে উত্সাহিত করে। তারা বলেন, সেখানে এ সহিংস ও ধ্বংসাত্মক ঘটনার জন্য ট্রাম্প এককভাবে দায়ী। উল্লেখ্য, ক্যাপিটল ভবনে দাঙ্গায় পাঁচ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন।