ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ঝিনাইগাড়ি-কলকতি সড়কটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে দুটি গ্রামের মানুষ। কলকতি মন্ডলপাড়ার অধ্যাপক মো. আহছাব আলী বলেন, রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। কলকতি পশ্চিমপাড়ার আব্দুল মজিদ বলেন, সংস্কার না করায় রাস্তার একটি ফুটব্রিজ ও একটি কালভার্ট ভেঙে যাচ্ছে। ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকন বলেন, এলজিইডি প্রকল্পটি অনুমোদন করলে রাস্তাটি নির্মাণে অগ্রাধিকার দেবেন। উপজেলা প্রকৌশলী আফরোজা খাতুন বলেন, ইউপি চেয়ারম্যান প্রকল্প দিলে আমরা তা গুরুত্ব সহকারে বিবেচনা করব।
