উদ্বোধনের দুই বছর পরও চালু হয়নি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

কাস্টসাগরা মা ও শিশু কল্যাণ হাসপাতাল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ কাস্টসাগরা গ্রামে ১০ বেডের মা ও শিশু কল্যাণ হাসপাতালটি উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি। এতে প্রত্যন্ত গ্রামের মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রাম এলাকার মা ও শিশুদের চিকিত্সাসেবার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর দক্ষিণ কাস্টসাগরা গ্রামে মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করে। গ্রামের এক দানশীল পরিবার হাসপাতাল নির্মাণের জন্য জমি দান করেন। সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল কমপ্লেক্সটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০১৮ সালের আগস্ট মাসের দিকে নির্মাণকাজ শেষ হয়। তিনতলা এ হাসপাতাল ভবনে দামি যন্ত্রপাতি ও আসবাবপত্রে সুসজ্জিত করা হয়। এখানে আছে আধুনিক ডেলিভারি রুম, আল্টাসনোসহ নানান পরীক্ষা ও চিকিত্সার ব্যবস্থা। ২০১৮ সালের ১০ ডিসেম্বর এ হাসপাতালটি উদ্বোধন করা হয়। তারপর দুই বছর পার হয়ে গেলেও এটি চালু করা হয়নি। সবকিছু অব্যবহূত অবস্থায় পড়ে আছে। বিদ্যুত্ চলে গেলে নিজস্ব জেনারেটরের সাহায্যে বিদ্যুত্ সরবরাহের ব্যবস্থা পর্যন্ত আছে। স্থানীয়রা জানান, এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সুরাট, নলডাঙ্গা, ঘোরশাল ও কালীচরণপুর ইউনিয়নের মা ও শিশুরা চিকিত্সাসেবা পেত। সুরাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর নাজনীন নাহার জানান, হাসপাতালটি চালু হলে প্রসূতি মায়েরা নিরাপদ ডেলিভারির সুবিধা পেত। এ এলাকার গর্ভবতী মায়েরা ভাঙাচোরা রাস্তা দিয়ে জটিল রোগের চিকিত্সার জন্য ঝিনাইদহ শহরে যান। এতে তাদের অর্থ ব্যয় হয়। সুরাট ইউনিয়নের চেয়ারম্যান মো. কবির হোসেন জোয়ার্দ্দার বলেন, হাসপাতালটি সুসজ্জিত। উদ্বোধন করা হয়েছে। লোকবল নিয়োগ দিয়ে হাসপাতাল চালু করার দাবি করেন তিনি।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক ডা. জাহিদ আহমেদ জানান, উদ্বোধনের পর থেকে পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ডেপুটেশনে একজন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দেখভাল করেন। সম্প্রতি একজন ডাক্তারকে ডেপুটেশনে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ডাক্তার , নার্স বা অন্য স্টাফ নিয়োগ দেওয়া হয়নি। তিনি আরো বলেন, দুই জন মেডিক্যাল অফিসার. একজন মেডিক্যাল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, চার জন পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ ১০টি পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়াধীন আছে।