বরিশালে চিকিত্সার মানোন্নয়নের দাবিতে বাসদের মানববন্ধন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

বরিশাল অফিস

সর্বস্তরের জনগণকে বিনা মূল্যে করোনার ভ্যাকসিন প্রদান এবং বরিশালে চিকিত্সা সেবার মানোন্নয়নের দাবিতে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা বাসদের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, কাজল কুমার দাস, ছাত্রফ্রন্টের সংগঠক লামিয়া সাইমুম এবং সন্তু মিত্র। বক্তারা সর্বস্তরের জনগণকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান এবং শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সা সেবার মানোন্নয়নের জন্য সরকারের কাছে দাবি জানান।

সাংবাদিক নির্যাতনকারীদের বিচার দাবিতে মানববন্ধন

এদিকে বরিশাল অফিস জানিয়েছে, সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেন এবং ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলম রফিককে নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনকারীদের বিচার দাবিতে বুধবার বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভুঁইয়া, সাংবাদিক শাহীন হাফিজ, শামীম আহমেদ প্রমুখ।