আগৈলঝাড়ায় দুই ইউপি সদস্য প্রহূত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

সোমবার আগৈলঝাড়ার বাকাল ও বাগধা ইউনিয়ন পরিষদের দুই সদস্য প্রহূত হন। একজনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ইউপি সদস্য ও পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী চক্রিবাড়ি খাল বিক্রির মাছের টাকা প্রতিবছর আস্কর পুরাতন কালীবাড়ি হরি মন্দিরে দেওয়া হচ্ছিল। এ বছর ওই টাকা স্থানীয় চক্রিবাড়ি জামে মসজিদ নির্মাণ কাজের জন্য দাবি করেন ৭ নং ওয়ার্ড সদস্য কালাম হাওলাদার। এ নিয়ে ঘটনার রাতে মন্দির কমিটির সদস্য ও স্থানীয় নারায়ণ বিশ্বাস কালীবাড়ি বাজারে ইউপি সদস্য কালামের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে নারায়ণের নেতৃত্বে মন্দির কমিটির চার/পাঁচজন মিলে মেম্বার কালামকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিলে হাসপাতালের চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য কালামকে ঢাকায় পাঠান। অন্যদিকে একই দিন সন্ধ্যায় বিএনপি পন্থিদের নামে গবাদি পশু পালন লোনের সুপারিশ করা নিয়ে বাকাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসাহাক আলম পাইককে প্রহূত করেন স্থানীয় শহীদুল ইসলাম পাইক।