দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দর্শনা কেরু চিনিকলের (দৈনিক হাজিরার ভিত্তিতে) চাকরিচ্যুত ৪২ জন শ্রমিক স্ব স্ব কাজে বহাল থাকতে দর্শনা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে তারা সংবাদ সম্মেলন করেন। চাকরিচ্যুত শ্রমিক রেজাউল করিম রেজা, এহসানুল হক রাজিব, হারুন অর রশিদ লিখিত বক্তব্যে জানান, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত ২৬০ টাকা হাজিরায় ইক্ষু সংগ্রহ বিভাগে কর্মরত ছিলাম। এ মৌসুমেও ৩৯ দিন কাজে বহাল থাকা অবস্থায় আমাদের বিতাড়িত করা হয়েছে। এ বিষয়ে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তৈয়ব আলি ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জানান, তাদের কাজে পুনর্বহাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ জানান, ঐ শ্রমিকরা দীর্ঘদিন ধরে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করে আসছে, তাদের কোনো সেটাপ নেই, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা যায় কি না, তা দেখা হবে ।
