ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের আর্থিক অবস্থা উন্নয়ন ও সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য গতকাল বিকালে কোম্পানিটির পরিচালনা পর্ষদকে ডেকেছিল কমিশন। এর আগে গত ২৬ জানুয়ারি রিং সাইনের পুনরায় উত্পাদন শুরুর মাধ্যমে ব্যবসা উন্নয়নের লক্ষ্যে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি। এরই ধরাবাহিকতায় কোম্পানিটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে সঠিক দিকনির্দেশনা দিতেই ডেকেছে বিএসইসি। জানা গেছে, রিং সাইনের উত্পাদন শুরু ও আর্থিক অবস্থার উন্নয়নে সার্বিক বিষয় তদারকি করছে কমিশন। এ জন্য সম্প্রতি কোম্পানিটির উন্নয়নে পরিচালনা পর্ষদে সাত জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।
