কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবার কাজিয়াতলী সীমান্ত শূন্য রেখার ভারতীয় সীমানায় গত চারদিন ধরে অবস্থানকারী ৩১ জন রোহিঙ্গাকে অবশেষে মঙ্গলবার ফিরিয়ে নিয়েছে বিএসএফ। তাদের ভারতীয় সীমান্তের কাটাতারের ভিতরে নিয়ে গাড়িতে করে নিয়ে যায় বিএসএফ। রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কাজিয়াতলী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুর রহমান।
গত তিন দিন যাবত্ খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে দিন-রাত অতিবাহিত করলে রবিবার ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ দুই দফা বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে ওইদিন রাতে রোহিঙ্গাদের ভারতের পক্ষ থেকে দুটি তাঁবু টাঙিয়ে দেওয়া হয়। গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, এই রোহিঙ্গারা ভারতের বিভিন্ন রাজ্যে জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে অবস্থান করতো। পরে সীমান্ত দিয়ে বিএসএফের সহযোগিতায় কাটাতারের গেট দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হয়। বিজিবি’র বাধার মুখে গত চারদিন সেখানে অবস্থান নেয় তারা।
