ইত্তেফাক রিপোর্ট
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দেশটি বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এরই ধারবাহিকতায় নিরাপদ খাদ্যের ক্ষেত্রে জাপান আমাদের কারিগরি সহায়তা দেবে। গতকাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার মধ্যে কারিগরি সহায়তা প্রকল্প বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, সাম্প্রতিক বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি দেখার মতো। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাপান সরকারের জাইকা বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মত্ নাজমানারা খানম। অনুষ্ঠানের রেকর্ড অব ডিসকাসনে স্বাক্ষর করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান মো. আব্দুল কাইউম এবং জাইকার প্রতিনিধি ইয়োহু হাইকাওয়া। উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পক্ষে ই আর ডি-এর অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার।
