ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। চুক্তি অনুযায়ী ফায়ার সার্ভিসের চাহিদামতো ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট মডস জোন থেকে পানিভর্তি লরি পাঠাবে দুর্ঘটনাস্থলে। মঙ্গলবার কাওরান বাজারে ওয়াসা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
ফায়ার সার্ভিসের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান এবং ঢাকা ওয়াসার পক্ষে প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও মোকাবিলার সমস্যা সমাধানকল্পে সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় অগ্নিনির্বাপণে পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঢাকা ওয়াসার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের এই উদ্যোগ নেওয়া হয়।
