বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির কল্যাণে বিশ্বটা এখন হাতের মুঠোয়। আমরা প্রতিদিন ইন্টারনেটে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। ভিসা চেক, পাসপোর্ট চেক, কেনাকাটা, বিদেশে চাকরির আবেদন, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং হরেক রকমের প্রয়োজনীয় কাজের জন্য ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইটের শরণাপন্ন হই। কিন্তু সাইবার ক্রাইম অন্যান্য অপরাধের মতোই বাড়ছে। আর সাধারণ মানুষকে সেবা দেওয়ার কথা বলে বিভিন্নভাবে দিচ্ছে ধোঁকা। যদিও আমাদের দেশে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এবং পুলিশে ‘সাইবার ক্রাইম ইনভেসটিগেশন ব্যুরো’ চালু করা হয়েছে। পাশাপাশি রয়েছে সাইবার অপরাধের জন্য শাস্তির বিধান। তবু ওয়েবসাইটে কোনো প্রয়োজনীয় কাজ করতে চাইলে সতর্ক হতে হবে। অতি সম্প্রতি আয়ারল্যান্ডের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে জাল ভিসা দেওয়ার কারণে তিন প্রতারককে আটক করেছে পিবিআই। তাদের গ্রেফতার করার পর সাংবাদিক সম্মেলনে ডিআইজি বনজ কুমার জানান, লন্ডন পৌঁছে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আটককৃত মাদক পাচারকারী চক্রটি। এই রকম আরো অনেকে নামে বেনামে সেবা দেওয়ার কথা বলে আমাদের আশেপাশেই হয়তো গড়ে তুলছে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট। তাই ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করার সময় আমাদের সতর্ক হওয়া জরুরি।
সাখাওয়াত হোসেন
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ
