রোনালদোর কাছে হারল ইন্টার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৯

স্পোর্টস ডেস্ক

কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে রোনালদোর জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। ওদিকে প্রিমিয়ার লিগে জোড়া লাল কার্ড দেখা সাউদাম্পটনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ওলে গুনার সোলসারের ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি।

সান সিরোতে যেন রোনালদোর কাছেই হারলো ইন্টার। ম্যাচের নবম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও রোনালদোর বদৌলতে ম্যাচে ফিরতে বেশি ক্ষণ লাগেনি ‘তুরিনের বুড়িদের’। জুভেন্তাস ফুলব্যাক হুয়ান কুয়াদ্রাদোকে ইন্টার উইংব্যাক অ্যাশলে ইয়ং বক্সের ভেতর ফাউল করে বসলে পেনাল্টি পায় জুভেন্তাস। ২৬ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে ম্যাচে ফেরান রোনালদো। এর নয় মিনিটের মধ্যে ইন্টারের রক্ষণভাগের একটি ভুলকে দণ্ড দিয়ে দলকে চালকের আসনে বসান সিআর-সেভেন। এই গোলের মাধ্যমে বিভিন্ন সংবাদমাধ্যমের মতে ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো (৭৬৩)। ছাড়িয়ে গেছেন ৭৬২ গোল করা সাবেক চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার জোসেফ বিকানকে।

ওদিকে ওল্ড ট্রাফোর্ডে রেকর্ড গড়ে জিতলো সোলসারের ইউনাইটেড। মঙ্গলবার সাউদাম্পটনের বিপক্ষে গোল উত্সবে মেতে উঠেছিল মার্কাস রাশফোর্ডরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিডফিল্ডার আলেক্সান্দ্র জাঙ্কেউইজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কিছুটা দুর্বল হয়ে যায় সফরকারী দল। এরপর ১০ জনের সাউদাম্পটনের জালে একের পর এক গোল জড়াতে থাকে রাশফোর্ড-কাভানিরা। ম্যাচের ৮৬ মিনিটে জান বেডনারেক লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ৯ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন । এর আগে একটি আত্মঘাতী গোলও করে যান এই ডিফেন্ডার। রেডডেভিলদের হয়ে ৯টি গোল করেছে সাত জন পৃথক ফুটবলার। আত্মঘাতী গোল বাদে বাকি গোলগুলো করেছেন, অ্যারন ওয়ান-বিসাকা (১৮ মিনিট), রাশফোর্ড (২৫), এডিনসন কাভানি (৩৯), অ্যান্থনি মার্শিয়াল (৬৯ ও ৯০) স্কট ম্যাকটমিনে (৭১), ব্রুনো ফার্নান্দেজ (৮৭) ও ডেনিয়েল জেমস (৯০+৩)।

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আগেও একবার ৯-০ গোলে জিতেছিল ইউনাইটেড। ১৯৯৪ সালে ইপসুইচ টাউনকে নিয়ে ওল্ড ট্রাফোর্ডে ছেলেখেলা করেছিল তত্কালীন ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। লিগে দিনের অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরেছে মিকেল আরতেতার আর্সেনাল।