স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাভুক্ত।
এই সিরিজের আগে অথবা পরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। গত জুনে স্থগিত হয়েছিল সফরটি। যেখানে দুটি টেস্ট খেলার কথা রয়েছে দুই দলের মধ্যে। আকরাম খান বলেন, ‘তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা দল মে মাসে এখানে আসবে। তবে এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি।’
আগামী জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ (২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টোয়েন্টি) খেলতে জিম্বাবুয়ে সফর করার কথা রয়েছে বাংলাদেশের। তবে সফরটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘জিম্বাবুয়েরটা এখনো নিশ্চিত না, আমরা কিছুদিনের মধ্যেই নিশ্চিত হব। আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। এই যে বায়ো বাবলটা খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা চাপ, এটাও আমরা মাথায় রেখেছি। অতিরিক্ত খেলা, খেলোয়াড়দের বিশ্রামও গুরুত্বপূর্ণ, তাই ট্যুর করার আগে আমাদের সবকিছু বিবেচনায় রাখতে হবে।’
