কালিহাতীতে ট্রাক-লরি সংঘর্ষে চালক নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০৭

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা  জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লরির হেলপারসহ ট্রাকের দুই যাত্রী। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লরির চালক কিশোরগঞ্জের রহমত আলী।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হয়। এ ঘটনায় লরির হেলপারসহ আরও দুজন আহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।