নাটোরের লালপুরে চকলেট খাওয়ানোর প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ মামলার আসামি ইয়াকুব আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার সকালে নাটোর জেলা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক ঐ আদেশ দেন। আসামি ইয়াকুব আলী লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার এসকেন আলীর ছেলে।
জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর ইয়াকুব আলী দুই শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশু দুটি তাদের অভিভাবককে জানালে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিত্সা শেষে শিশু দুটি সুস্থ হয়ে উঠলে ঐ বছরের ৩১ ডিসেম্বর লালপুর থানায় ইয়াকুব আলীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন শিশু দুটির অভিভাবক।
