সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণ কাজ সম্পন্ন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৭

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনা পর্যন্ত নতুন আঞ্চলিক মহাসড়কের মাঝখানে প্রায় অর্ধশত বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। 

তবে বৈদ্যুতিক খুঁটি অপসারণে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একাধিকবার আবেদন ও অবগত করা হলেও খুঁটিগুলো অপসারণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে খুঁটিগুলো সড়কের মাঝখানে রেখেই সড়কের কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার। এতে সড়কটি চালু হলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের নভেম্বর মাসে ময়মনসিংহের সার্কিট হাউজের জনসভা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬১ কোটি টাকা ব্যয়ে উল্লিখিত নতুন সড়ক নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ভিত্তি প্রস্তর স্থাপনের পর থেকে এ সড়ক নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স (প্রাঃ) লি., মেসার্স রিজভী কনস্ট্রাকশন ও মোজাহার এন্টারপ্রাইজ (প্রাঃ) জেভি। 

স্থানীয়রা জানান, এ নির্মাণাধীন সড়কের মাঝখানে প্রায় অর্ধশত পল্লী বিদ্যুৎ ও পিডিবি’র বিদ্যুতের খুঁটি রেখেই কাজ সম্পন্ন করতে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া রাস্তা ঘেঁষে রয়েছে আরও অনেক খুঁটি। এসব খুঁটি অপসারণ না করে সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে জনসাধারণকে।

সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণ হয়েছে এমন আরেকটি চিত্র। ছবি: ইত্তেফাক

এ বিষয়ে সংশ্লিষ্ট সড়কের ঠিকাদার হোসেন আহমেদ পান্না জানান, সড়কের মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী বরাবরে একাধিকবার আবেদনের পাশাপাশি মৌখিকভাবে অবগত করা হলেও এখনো পর্যন্ত খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সড়কের কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে সড়কে খুঁটি রেখেই নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্মাণাধীন সড়কে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত অপসারণের জন্য নেত্রকোনা পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট খুঁটি অপসারণের সার্বিক ব্যয়ের টাকা পরিশোধ করা হয়েছে। অপরদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিকেও খুঁটি অপসারণের টাকা পরিশোধ করা হয়েছে। ময়মনসিংহ পিডিবিকে খুঁটি অপসারণ এখনো কোনো টাকা পরিশোধ করা হয়নি। 

এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মি. খন্দকার শামীম আলম জানান, সড়কে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে খুঁটি অপসারণের জন্য কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুততর সময়ের মধ্যে রাস্তার বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করা হবে।


ইত্তেফাক/এমএএম