বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমার—এই চার দেশের সমন্বয়ে গঠিত বিআইসিএম এক বিজনেস কাউন্সিল সভায় গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় করোনা পরিস্থিতিতে বিআইসিএম দেশগুলোর ট্রেড অ্যান্ড লজিস্টিক সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বিসিআইএম সদস্য দেশগুলোর কৌশল ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সদস্য দেশগুলো স্ব স্ব শিল্প হতে কাঁচামাল, কৌশল ও দক্ষতা নিয়ে আরভিসিআই (রিজিউনাল ভ্যালু চেইন ইনিশিয়েটিভ) একটি কৌশল প্রণয়ন করবে, যার ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক উত্পাদন বৃদ্ধি পাবে। আমাদের সম্পদ, দক্ষতা ও কৌশল আদান-প্রদানের ভিত্তিতে এ দেশের পণ্য বিসিআইএম সদস্যদেশগুলোসহ বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে। এ লক্ষ্যে বেশকিছু খাত চিহ্নিত করেন তিনি। সভা আয়োজন করে চায়না চেম্বার্স অব ইন্টারন্যাশনাল কমার্স, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), রিপাবলিক অব দি ইউনিয়ন অফ মিয়ানমার ফেডারেশন অব চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএমএফসিসিআই)। সভায় সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
