এএফপি
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রেফতার হয়েছেন দেশটির একদল সেনাসদস্য। মাদুরোকে উত্খাতের জন্য সে দেশের জনগণকে রাস্তায় নেমে আসার ডাক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার এক ভিডিও পোস্ট করে রাজধানী কারাকাসের কাছাকাছি এক কমান্ড পোস্টের একদল সৈন্য। পরে তাদের গ্রেফতার করা হয়।
মাদুরোকে উত্খাতের ডাক দিয়ে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নিজেকে ওই সেনাবাহিনীর সার্জেন্ট দাবি করে বক্তব্য রাখছেন। বক্তব্যে বলা হয়, ‘আমরা এ শাসন ব্যবস্থার বিরোধী ন্যাশনাল গার্ডের একদল পেশাদার সৈনিক। এ শাসন ব্যবস্থাকে আমরা পরিপূর্ণভাবে অস্বীকার করছি। আমাদের আপনাদের সহযোগিতা প্রয়োজন। রাস্তায় নেমে আসুন।’
রাজধানী কারাকাসের কাছাকাছি ন্যাশনাল গার্ডের কোটিজা কমান্ড পোস্ট থেকে সকালে এ ভিডিও পোস্ট করা হয়। এর প্রতিক্রিয়ায় পুলিশ ও সেনাসদস্যরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কমান্ড পোস্টটি ঘিরে ফেলে। সেনাবাহিনী বলছে, এর আগে বিদ্রোহীদের ছোট একটি দল আরেকটি কমান্ড পোস্ট থেকে অস্ত্র চুরি ও চার সৈন্যকে অপহরণ করেছিল।
বিদ্রোহী সৈন্যদের গ্রেফতারের পরপরই এক বিবৃতি প্রকাশ করেন ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। বিবৃতিতে বলা হয়, সৈন্যদের গ্রেফতারের সময় চুরি যাওয়া কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং গোয়েন্দা সংস্থা ও সামরিক আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বিদ্রোহীরা। তাদের আইনের আওতায় আনা হবে। তবে বিবৃতিতে বিদ্রোহী সেনার সংখ্যা প্রকাশ করা হয়নি।
