গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

নারী নির্মাতাদের জয়জয়কার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১০

প্রতিবছরই হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র, টিভি অনুষ্ঠান ও সেরা তারকাদের স্বীকৃতি দিতে আয়োজন করা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই আসর বসবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ৭৮তম এই আসরের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে উত্সবটির আয়োজক হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এই তালিকায় তিন নারী নির্মাতা জায়গা করে নিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়েলেন। মনোনয়নপ্রাপ্ত এই তিন নারী নির্মাতা হলেন এমারাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং উইম্যান), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি) ও ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)। এই বিভাগে মনোনয়ন পাওয়া অন্য দুই নির্মাতা হলেন ডেভিড ফিঞ্চার (মাঙ্ক) ও অ্যারন সরকিন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন)।

এবারের আসরে সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে সর্বাধিক ৬টি শাখায় মনোনয়ন পেয়েছে হারম্যান জে মাঙ্কিয়েভিচের বায়োপিক ‘মাঙ্ক’। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি শাখায় মনোনয়ন পেয়েছে অ্যারন সরকিনের ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’। এ বিভাগের অন্য ৩টি ছবি হলো ‘দ্য ফাদার’, ‘নোম্যাডল্যান্ড’ ও ‘প্রমিজিং ইয়াং ওম্যান’। এ বিভাগে সেরা অভিনেতা হিসেবে রিজ আহমেদ, চ্যাডউইক বোজম্যান, অ্যান্থনি হপকিন্স, গ্যারি ওল্ডম্যান ও তাহের রহিম এবং সেরা অভিনেত্রী ভায়োলা ডেভিস, আন্ড্রা ডে, ভ্যানেসা কার্বি, ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড ও ক্যারি মুলিগ্যান মনোনয়ন পেয়েছেন। টেলিভিশনের মধ্যে সবচেয়ে বেশি ৬টি মনোনয়ন পেয়েছে ‘দ্য ক্রাউন’। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি শাখায় মনোনয়ন পেয়েছে ‘শিটস ক্রিক’। এ শাখায় আরো প্রতিদ্বন্দ্বিতা করবে ‘অজাক’, ‘দ্য আনডুইং’, ‘দ্য গ্রেট’ ও ‘র্যাচড’। এ বিভাগে সেরা টিভি অভিনেতা হিউ গ্র্যান্ট এবং সেরা টিভি হিসেবে মনোনয়ন পেয়েছেন নিকোল কিডম্যান। অন্যদিকে সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি) শাখায় মনোনয়ন পেয়েছেন নিকোল কিডম্যান, আনিয়া টেলর জয়, কেট ব্ল্যানচেট, ডেইজি এডগার-জোন্স, শিরা হাস ও নিকোল কিডম্যান। এছাড়াও সেরা চলচ্চিত্র, টিভি সিরিজ এবং সেরা অভিনেতা-অভিনেত্রীর নাম রয়েছে এই তালিকায়। এবারের আসরে চলচ্চিত্রে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী জেন ফন্ডা এবং টেলিভিশন অঙ্গনের আজীবন স্বীকৃতি পাচ্ছেন নরম্যান লিয়ার। আসরটি সঞ্চালনা করবেন অ্যামি পোহলার।