নিজের কাজ নিয়েই বেশিরভাগ সময় শিরোনামে আসনে জনপ্রিয় বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। তবে বেশ কিছুদিন হলো তার বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে বলিপাড়া থেকে নেট দুনিয়ায়। শুরু থেকে এ বিষয়ে চুপ থাকলেও এবার রীতিমতো বিষয়টি নিয়ে চটে গেলেন শ্রদ্ধা। সম্প্রতি মুম্বাইয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তার কথিত প্রেমিক রোহান শ্রেষ্ঠা ও বিয়ে নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন এই অভিনেত্রী। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শ্রদ্ধা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনারা এগুলো কী বলছেন? আমার বিয়ে নিয়ে আলোচনা ছাড়া কী আপাদের কোনো কাজ নেই। ইদানিং দেখছি এই বিষয়টি নিয়ে অনেক বেশি চর্চা করা হচ্ছে। এমনটা আমি আপনাদের বা আমার ভক্তদের কাছ থেকে প্রত্যাশা করি না। মনে হচ্ছে কারো কোনো কাজ নেই বলেই মিথ্যে গুঞ্জন রটাচ্ছে। কাজ নিয়ে জিজ্ঞেস করার থাকলে করুন। আর মিথ্যে সমালোচনায় না থেকে যার যার কাজে ব্যস্ত থাকাই মনে হয় শ্রেয়।’
উল্লেখ্য, সম্প্রতি কথিত প্রেমিক রোহান শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার বিয়ের গুঞ্জন ওঠে। বিষয়টি জোরালো হয় বরুণ ও নাতাশাকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে রোহান শ্রেষ্ঠার একটি পোস্টকে কেন্দ্র করে।
