গাজীপুরে স্কুলছাত্র অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—নগরীর সালনা পলাশটেক এলাকার আব্দুল নবীর ছেলে মিল্টন মাসুম , তার স্ত্রী খালেদা আক্তার, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়িয়া এলাকার ওজিহারের ছেলে শাহীন আলম, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকার আব্দুল সবুরের ছেলে মামুন হোসেন, শেরপুর সদরের দোপাঘাট এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রাজাপুর এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান চৌধুরী। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম। তিনি জানান, চক্রটি গত এক মাসে বিভিন্ন জেলা থেকে ১৭ জনকে অপহরণ করে। এরা গত ২৩ জানুয়ারি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে টঙ্গীস্থ সফিউদ্দিন সরকার একাডেমির নবম শ্রেণির ছাত্র মো. তানভীর হোসেন সিয়ামকে অপহরণ করে সিয়ামের বাবার কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সিয়ামের পিতা গাছা থানায় মামলা দায়ের করেন। গত ২৫ জানুয়ারি মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের পার্শ্বে সিয়ামকে ফেলে যায় অপহরণকারীরা।
