গতকাল সন্ধ্যায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীরপ্রতীক) পক্ষ থেকে বনানীর কামাল আতাতুর্ক রোডে ইকবাল সেন্টারে অবস্থিত বুখারা রেস্টুরেন্টে এক নৈশভোজ ও মতবিনিময়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সকালে হঠাত্ অনুষ্ঠানটি বাতিল করা হয়। কেন বাতিল হলো, তার কারণ ব্যাখ্যা করতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কল্যাণ পার্টির চেয়ারম্যানের মহাখালী ডিওএইচএসের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, পূর্বনির্ধারিত এ অনুষ্ঠানে ২৫টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য হোটেল কর্তৃপক্ষ বুকিং নিলেও শেষ সময়ে এসে জানিয়েছে, ওপর থেকে চাপ দেওয়ার কারণে তারা অনুষ্ঠানের আয়োজন করতে পারছে না। তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। বাংলাদেশ নিয়ে আলজাজিরায় প্রচারিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনটি মিথ্য হলে সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। আর সত্য হলে দুঃখ প্রকাশ করা।
দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির (অব.) লিখিত বক্তব্যে অভিযোগ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে বাধা দেওয়ার জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। দাওয়াত বাতিল করার কারণে আমন্ত্রিত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করছে কল্যাণ পার্টি।
এর আগে গত ১৬ জানুয়ারি কল্যাণ পার্টির চেয়ারম্যানের উদ্যোগে ঢাকার ধানমন্ডির একটি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মাহফিলে ৫০ জন সাবেক সামরিক কর্মকর্তা, অন্তত ২৫টি রাজনৈতিক দলের নেতা ও চার জন সাবেক সচিবসহ অন্তত ২০ জন আমলা উপস্থিত ছিলেন।
