দেশে ছয়টি খাত শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়। খাতগুলো হলো রপ্তানিমুখী চামড়াজাত দ্রব্য ও পাদুকা শিল্প, জাহাজ প্রক্রিয়াজাতকরণ শিল্প, রেশম, ট্যানারি, গ্লাস, সিরামিক, রেশম ও ট্যানারি শিল্প। গতকাল বৃহস্পতিবার শ্রমভবনে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
সাংবাদিক সম্মেলনে জানানো হয় শিশুশ্রম নিরসনে ৯টি কৌশলগত ক্ষেত্র চিহ্নিত করতে গত বছর অক্টোবরে ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে দায়িত্ব দিয়েছিল সরকার। তারাই খাতগুলো চিহ্নিত করে। প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে গেঞ্জি সেক্টরে এখনো অনেক শিশু কাজ করছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেরানীগঞ্জে শিশুশ্রম বন্ধ করতে ঢাকা জেলা প্রশাসককে উদ্যোগ নিতে বলা হবে।
