সম্প্রতি কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ ও বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আলজাজিরার ঐ প্রতিবেদনের নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন ১৫ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে বলা হয়, অতীতেও আলজাজিরা টেলিভিশন যুদ্ধাপরাধীদের বিচার এবং হেফাজতের শাপলাচত্বরের অবস্থানকে কেন্দ্র করে উদ্দেশ্যপূর্ণ মিথ্যা তথ্যসংবলিত সংবাদ প্রচার করেছে। এই চ্যানেল আমাদের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষপূর্ণ সংবাদ প্রচার করে চলেছে। সম্প্রতি তাদের সঙ্গে যুক্ত হয়েছে গণধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী একটি অপশক্তি। আমরা আলজাজিরা টেলিভিশনের এই ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং সারবস্তুহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার মোকাবিলায় সরকারের যথোপযুক্ত অবস্থান ও ব্যাখ্যা প্রত্যাশা করি।
বিবৃতিদাতারা হলেন—সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, সাংবাদিক আবেদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ডা. কামরুল হাসান খান, আশরাফুল আলম, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, ম. হামিদ, বুলবুল মহলানবীশ ও হাসান আরিফ।
