দিল্লি পুলিশের অভিযোগ দায়েরের পরে আবারও টুইট গ্রেটার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৯

ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে এই অভিযোগ দায়েরের কিছুক্ষণ পরেই আবারও একটি টুইট করে গ্রেটা জানিয়েছেন, তিনি কৃষকদের পাশেই আছেন।

কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে প্রথম টুইট করেছিলেন গ্রেটা। ‘ফার্মার্সপ্রোটেস্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি টুইটে বলেন, ‘আমরা কৃষক আন্দোলনের পাশে আছি’। এর সঙ্গে এক সংবাদ সংস্থায় প্রকাশিত কৃষক আন্দোলনের একটি লেখাও শেয়ার করেন তিনি। এর কিছুক্ষণ পর আগের টুইটটি মুছে দিয়ে তিনি আরেকটি টুইট করেন। সেখানে তিনি বলেন, ‘যদি কৃষকদের পাশে দাঁড়াতে চান তা হলে ‘#স্ট্যান্ডউইথফার্মার্স #ফার্মার্সপ্রোটেস্ট’ এই হ্যাশট্যাগকে সমর্থন করুন’। এছাড়া কৃষকদের সহায়তা করতে টুইটে একটি ‘টুলকিট’ও আপলোড করেন তিনি। এরপরই দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতি, ধর্মের ভিত্তিতে শত্রুতাকে প্রশ্রয় দেওয়া) এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করে। -টাইমস অব ইন্ডিয়া