বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৩০ রানে। গতকাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। এখনো ৩৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। সাগরিকার উইকেট এখন পর্যন্ত ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলছে। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট।
গতকাল দিন শেষে এমনটাই বলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। উইকেটের ব্যাটিং সখ্য কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর টপকে যাওয়ার আশা করছে উইন্ডিজরা।
চা বিরতির পর খেলতে নেমে মুস্তাফিজের তোপে ২৪ রানে ২ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল, মোসলে ফিরলেও এনক্রুমা বনারকে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন ৪৯ রানে অপরাজিত থাকা ব্রেথওয়েট।

গতকাল দিন শেষে উইন্ডিজ অধিনায়ক উইকেট প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি এটা এখনো ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট। তাই কালকের (আজ) দিনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। স্কোরবোর্ডে কিছু রান তুলতে আমাদের সত্যিই কিছু জুটি গড়তে হবে। তাদের স্কোরের যতটা কাছে সম্ভব যেতে হবে অথবা টপকে যেতে হবে। অবশ্যই তারপর দ্বিতীয় ইনিংস গুরুত্বপূর্ণ হবে।’
উইকেটে এখনো স্পিনাররা খুব সাহায্য পাচ্ছেন না। টুকটাক টার্ন হলেও সেটা বড় আকারে নয়। গতকাল ব্রেথওয়েট বলেছেন, ‘আমার মনে হয় ওরা ভালো বোলিং করেছে। রাফে পড়ে দুই-একটা বল স্পিন করছে। তাই আমরা জানি সহজ হবে না। কাল (আজ) একটা নতুন দিন হিসেবে আমাদের শুরু করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।’
সাগরিকার উইকেটে ব্যাটিংটা উপভোগ করছেন ব্রেথওয়েট। গতকাল বাংলাদেশের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন তিনি। ক্যারিবিয়ান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে। আমরা সকালে স্পিন, পেস নিয়ে শুরু করেছিলাম। কিছুটা আক্রমণাত্মক ছিলাম। অবশ্যই তারা ভালো খেলেছেন, শৃঙ্খলা দেখিয়েছে অনেক। উইকেটে তেমন টার্ন নেই। আমরা নিয়ন্ত্রিত বোলিং করেছি। ওভারপ্রতি ৩ রানের বেশি দেয়নি।’
ইত্তেফাক/এমআর
