নড়াইলে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০

নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রেমিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামে ওই গণধর্ষণের ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃতরা হলো-ওই গ্রামের ইউসুফ শেখের ছেলে প্রেমিক মিশান শেখ (১৮), একই গ্রামের রবিউল শিকদারের ছেলে বাপ্পি শিকদার (১৯) ও মিজান শেখের ছেলে মো. নাইম শেখ (১৮)। 

আহত অবস্থায় ধর্ষণের শিকার ওই ছাত্রীকে প্রথমে কালিয়া হাসপাতাল ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সাথে উথলী গ্রামের মিশান শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মিশান তাকে ফোনে ডেকে বাড়ির পাশের মাঠের মধ্যে নিয়ে মুখ বেঁধে সে ও তার সহযোগীরা গণধর্ষণ করে পালিয়ে যায়। আহত অবস্থায় পরিবারের লোকজন ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মিশান শেখ, বাপ্পি শিকদার ও মো. নাইম শেখকে আটক করে। 

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 
     
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

গণধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম