কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১২

এতদিন চুপ থাকলেও ভারতের বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহত্ কাজটাই করা উচিত।’

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সালমান মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন চলমান কৃষক আন্দোলন তাকে নিয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন তিনি। তবে সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি। এর আগে তিনি চলমান কৃষক আন্দোলন নিয়ে কোনো টুইট বা নিজের মতামত জানাননি। এছাড়া বলিউডের অন্যান্য বিগ খান-শাহরুখ খান, আমির খান বা সাইফ আলী খান কেউই এখন পর্যন্ত কৃষক আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত করেছেন পপস্টার রিহান্না এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তবে এই দু’জনের সমালোচনা করেছেন বলিউডের করণ জোহর, অক্ষয় কুমার, অজয় দেবগন, একতা কাপুর থেকে শুরু করে শচীন টেন্ডুলকার।