টঙ্গীতে মোহামেডানের এক পয়েন্ট

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

কুমিল্লায় বসুন্ধরা কিংসের কাছে ৪-১ গোলে হারের পর গতকাল উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান। গাজীপুরের টঙ্গীতে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মোহামেডান গোল হজম করে পিছিয়ে ছিল। ২৬ মিনিটে গোল শোধ করে খেলায় ফিরে আসে। দুই গোলই পেনাল্টি থেকে হয়েছে। ১৮ মিনিটে উজবেক ফুটবলার ইভজেনি কসনেভ গোল করেন ১-০। মোহামেডান সেই গোল ফিরিয়ে দেয় প্রথমার্ধের যোগ হওয়া সময়ে। সুলায়েমান দিবাতে গোল করেন ১-১।

বারিধারা ভেন্যু টঙ্গীর স্টেডিয়াম। সেখানে বারিধারা ব্রাদার্সের বিপক্ষে ড্র করেও প্রথম পয়েন্ট পেয়েছিল। কাল নিজেদের ভেন্যুতে মোহামেডানকে আটকে দিয়ে মূল্যবান পয়েন্ট নিয়ে গেল। বারিধারার কাছে ড্রয়ের চেয়েও বেশি কিছু। মোহামেডান খেলবে বলে কাল টঙ্গী স্টেডিয়ামে দর্শকও বেশি হয়েছিল। কিন্তু মোহামেডান জয় উপহার দিতে পারেনি দর্শকদের। ১৩ দলের মধ্যে ৮ নম্বরে আছে মোহামেডান। তলানিতে উত্তর বারিধারা। আগামী মঙ্গলবার ৩টায় কুমিল্লায় মোহামেডানের ম্যাচ পুলিশের বিপক্ষে।