কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিচ।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলজাজিরার প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে আমরা অবহিত আছি। দুর্নীতির অভিযোগ একটি গুরুতর বিষয়। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা তদন্ত হওয়া উচিত।
তিনি বলেন, জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি ‘ইউনিফর্মড’ সদস্য রয়েছে। প্রতিটি শান্তি মিশনে তাদের মোতায়েনে জাতিসংঘের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে যে ধরনের ইলেকট্রনিক যন্ত্রের কথা উঠে এসেছে সে ধরনের যন্ত্র ব্যবহারের কথা চুক্তিতে নেই। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এ ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে না।
একটি শান্তিরক্ষা মিশনের অপারেশনে জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তা রক্ষায় ‘ইন্টেলিজেন্স পিসকিপিং পলিসি’ অনুযায়ী কিছু নির্দিষ্ট ধরনের আড়িপাতার যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি আছে। এটি কঠোরভাবে জাতিসংঘের ইন্টেলিজেন্স পিসকিপিং পলিসি মেনে এবং ফোর্স কমান্ডারের অধীনে পরিচালিত হয়।
