খুলনায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

খুলনা অফিস

খুলনায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের তেলিগাতি চিংড়িখালি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নগরীর খালিশপুর থানার মুজগুন্নি পোটকা বাজার এলাকার খলিল মুন্সীর ছেলে রুহুল আমীন ওরফে ইয়াছিন, খানজাহান আলী থানার শিরোমনি গ্রামের গফফার মীরের ছেলে তানভীর মীর ও খানজাহান আলী থানার যোগীপোল পশ্চিমপাড়া গ্রামের শাহ মোঃ আব্দুর রহমানের ছেলে শাহ মোঃ পারভেজ ।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, গত সোমবার রাতে আড়ংঘাটা বাইপাস সড়কের তেলিগাতি চিংড়িখালি ব্রিজ এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চলানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৭-৮ জন সদস্য পালিয়ে যাবার চেষ্টা করলে ধাওয়া করে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দু’টি চাপাতি, তিনটি ধারালো দা, একটি লোহার রড ও একটি রশি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।