বিমানবন্দরে ওয়্যারহাউজের বর্ধিত চার্জ প্রত্যাহারের দাবি বিজিএমইএর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানিকৃত পণ্য ওয়্যারহাউজে রাখার চার্জ দ্বিগুণ করা হয়েছে। প্রতি ইউনিটের (৫০ কেজি) অয়্যারহাউজ চার্জ ২৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। বর্ধিত এ ফি বাতিলের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বর্তমান পরিস্থিতিতে বর্ধিত এ ফি অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতিতে কঠিন সময় পার করা উদ্যোক্তাদের পক্ষে বর্ধিত এ চার্জের ভার বহন করা সম্ভব নয়। কারখানা মালিকরা বর্তমান পরিস্থিতিতে তারল্য সংকটে পড়ে কোনোমতে টিকে থাকার সংগ্রামে রয়েছেন। বিশ্বব্যাপী ক্রেতারা (বায়ার) সঠিক সময়ে পাওনা টাকা পরিশোধ করছেন না। ফলে এক কঠিন অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় বিমানবন্দরে অয়্যারহাউজের চার্জ আগের অবস্থানে ফিরিয়ে আনার অনুরোধ জানান তিনি।

এ খাতের উদ্যোক্তারা জানান, বর্তমানে বিশ্বব্যাপী উদ্যোক্তাদের টিকে থাকতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে অনেক ফি ও চার্জ কমিয়ে আনা হচ্ছে; কিন্তু এ পরিস্থিতিতে বাংলাদেশে ফি না কমিয়ে বরং বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক।