ইত্তেফাক রিপোর্ট
সাভারে নারী পোশাকশ্রমিককে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কাইয়ুম নামে এক কারখানা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ধর্ষণের শিকার ঐ নারী শ্রমিক সাভার মডেল থানায় গার্মেন্টস মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে ভোরে পুলিশ তাকে আটক করে। কাইয়ুমের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি থানার পাড় দেবুডাঙ্গা গ্রামে। জানা গেছে, সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি কারখানার ঐ নারী শ্রমিককে গত দুই মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল কাইয়ুম। এক পর্যায়ে ঐ নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কাইয়ুম বিভিন্নভাবে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে বাধ্য হয়ে শুক্রবার রাতে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ঐ নারী শ্রমিক।
