মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক যেন মৃত্যুফাঁদ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৯

মানবেন্দ্র চক্রবর্ত্তী, সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। গত চার মাসে সওজের এই মহাসড়কের মেদুলিয়া, গাজিন্দা, বেথুয়াজানি, পালড়া, মিতরা, দেওলী, কিটিংচর, ঋষিপাড়া বকচর ও বাস্তা বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং অর্ধশত আহতের খবর পাওয়া গেছে। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। এদিকে এই আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন উপজেলা নির্বাহী আফিসার রুনা লায়লা। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে এসব যানবাহন।

নতুন করে এই সড়ক হওয়ার সুবাদে যানবাহনের চাপ বেড়ে গেছে। সময় ও জ্বালানি খরচ কম এবং যানজট এড়াতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের অনেক যানবাহন এখান দিয়ে প্রবেশ করছে। বিশেষ করে প্রাইভেট গাড়িগুলো এ রাস্তা দিয়ে বেশি ঢুকছে। সড়ক ও জনপথ বিভাগ এই আঞ্চলিক মহাসড়কের সব অনুন্নত ব্রিজ ভেঙে নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করে। তবে সঠিকভাবে কাজ না হওয়ায় নির্মাণাধীন অবস্থাতেই সড়কটিতে ফাটল ধরে এবং বিভিন্ন স্থানে দেবে যায়। ২৫৪ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ সদর থেকে সিংগাইরের ধল্লা শহিদ রফিক সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার রাস্তার দুপাশে জেলা পরিষদ কর্তৃক সমস্ত গাছ কেটে ফেলা হয়। ভেঙে ফেলা হয় দোকানপাট।