বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিন বছর বন্দি রাখার প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করার তিন বছর পূর্ণ হবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি। নেত্রীকে কারাবন্দি রাখার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। তিনি বলেন, ‘নিপীড়িত-নির্যাতিত মজলুম নেত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। গত মার্চে কারাগার থেকে বাড়িতে নিয়ে আসা হলেও তিনি মূলত গৃহবন্দি। ইনশাআল্লাহ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বেগম জিয়াকে এদেশের জনগণ মুক্ত করবেই।’
