সাভারে পূর্বশত্রুতার জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম রোহান ইসলাম (১৬) । গতকাল শনিবার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত রোহান পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার মো. আব্দুস সোবাহানের পুত্র এবং স্থানীয় রোদেলা মডেল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের মামাতো ভাই রিদোয়ান জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেলে সেসহ রোহান, সুফিয়ান ও যুবায়ের ব্যাংক কলোনী এলাকার ‘মুড়ি মটকা’ নামে একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই পূর্বশত্রুতার জের ধরে আড়াপাড়া এলাকার বখাটে টিকটক হূদয়ের নেতৃত্বে ১৫/২০ জনের একটি কিশোর দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা রোহানের বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রোহানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রোহানকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় একটি সূত্র জানায়, মূলত একটি মেয়ের সঙ্গে প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
