ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে জো রুটের ডাবল সেঞ্চুরির সুবাধে বিশাল স্কোর করেছে সফরকারীরা।
ইনিংসের ১৪৩তম ওভারের তৃতীয় বলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন জো রুট। ক্রিকেটের ইতিহাসে শততম টেস্টে প্রথম কোনও ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতী গড়লেন এই ইংলিশ তারকা।
৩৪১ বলে ২০০ রানের গণ্ডি টপকান ইংল্যান্ড অধিনায়ক। যা টেস্টে ক্যারিয়ারের তার পঞ্চম ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৩৭৭ বলে ২১৮ রান করে শাহবাজ নাদিমের বলে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ১৯টি চার ও ২টি ছক্কা হাঁকান ডান-হাতি এই ব্যাটসম্যান।
এছাড়া ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে ডমিনিক শিবলি ৮৭ ও বেন স্টোকস ৮২ রান করেন। ওলি পোপ ৩৪, ররি বার্নস ৩৩ ও জস বাটলার ৩০ রান তুলেন।
দ্বিতীয় দিনের শেষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেটের বিনিময়ে ৫৫৫ রান সংগ্রহ করেছে। ডমিনিক বেস ২৮ ও জ্যাক লিচ ৮ রানে অপরাজিত রয়েছেন।
ভারতের হয়ে প্রথম ইনিংসে দুটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নদিম।
ইত্তেফাক/টিআর
