স্পোর্টস ডেস্ক
কী থেকে কী হয়ে উঠল, ডম বেস নিজেই বুঝে ওঠেননি! আচমকা টার্ন নেওয়া বলটি ১১ রান করা বিরাট কোহলির ব্যাট ঘেঁষে চলে যায় শর্ট লেগে থাকা ওলি পোপের হাতে। ভারতের সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভটি ভেঙেই ক্ষান্ত হননি বেস। ঘূর্ণি জালে আরো ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান এই ব্যাটসম্যান। চেন্নাই টেস্টে তাই ব্যাকফুটে থেকেই ৬ উইকেটে ২৫৭ রানে তৃতীয় দিন শেষ করে ভারত। ইংল্যান্ডের করা ৫৭৮ রানের বিপরীতে আরো ৩২১ রান পিছিয়ে তারা।
এর আগে টানা দুই দিনের পর গতকাল স্বাগতিক বোলারদের আরো ১০ ওভার ভোগায় ইংলিশরা। রানের পাহাড়ে পিষ্ট হওয়ার জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে। জোফরা আর্চার ও বেসের দাপটে ৭৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্তের জুটিতে ১৪৫ বলে ১১৯ রান পায় ভারত। যা এসেছে মূলত পন্তের মারকাটারি ব্যাটিংয়ের ফলেই। সেঞ্চুরির সম্ভাবনা জুগিয়েও বেসের ঘূর্ণিতে ৮৮ বলে ৯ চার ও ৫ ছয়ে ৯১ রানেই ইনিংসটি থামাতে হয় তাকে। তার আগে ৭৩ রান করা পূজারাকেও ফেরান বেস। ২২৫ রানে ছয় উইকেট হারিয়ে ফলোঅন শঙ্কা জেগে তোলে স্বাগতিকেরা। তা এড়াতে রবিচন্দ্রণ অশ্বিনকে নিয়ে ৩৩ রানে ব্যাট করছেন ওয়াশিংটন সুন্দর।
সংক্ষিপ্ত স্কোর :ইংল্যান্ড প্রথম ইনিংস :৫৭৮/১০
ভারত প্রথম ইনিংস :২৫৭/৬ (গিল ২৯, পূজারা ৭৩, কোহলি ১১, পন্তে ৯১, সুন্দর ৩৩*, অশ্বিন ৮*; বেস ৫৫-৪, আর্চার ৫২-২)
