ইত্তেফাক রিপোর্ট
শিল্পোন্নত দেশ গড়তে শিল্প খাতে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সফলতাকে অর্জন করতে কর্মদক্ষতা উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। শিল্প খাতের ক্রমবর্ধমান উন্নতি ও উত্পাদনশীলতা অর্জনে উপর্যুক্ত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে অধিকতর জনগোষ্ঠীকে শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। গতকাল রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে নতুন জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
